শাহবাগের ফুটপাথে অজ্ঞাত ব্যক্তির লাশ

রাজধানীর শাহবাগের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে শাহবাগের থানাধীন সরকারি কর্মচারী হাসপাতালের সামনের ফুটপাত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার এস আই কাউছার আহমেদ ভূঁইয়া দেশ রূপান্তরকে জানান, ‘আমরা লোক মারফত খবর পেয়ে সরকারি কর্মচারী হাসপাতালের পাশে ফুটপাতে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরনে ছিল পুরোনো লুঙ্গি ও শার্ট।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। আশপাশের মানুষজন একই তথ্য দিয়েছেন। তবে তার তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।