মহাসড়কের পাশে মরা গাছ, দুর্ঘটনার শঙ্কা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে সড়কের দুই পাশে কঙ্কালের ন্যায় দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির কিছু মরা গাছ। যেকোনো মুহূর্তে মরা গাছগুলো ভেঙে পড়তে পারে মহাসড়কে চলমান যানবাহনসহ সাধারণ পথচারীদের ওপর। এতে বড় ধরনের দুর্ঘটনাসহ জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সরেজমিন দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরা অংশে বিশাল আকৃতির কয়েকটি মরা গাছ কোনোরকম দাঁড়িয়ে আছে। একটু ঝড়ো বাতাসেই যেকোনো মুহূর্তে গাছগুলো ভেঙে পড়তে পারে। এতে দুর্ঘটনার পাশাপাশি মহাসড়কে যান চলাচলও বন্ধ হয়ে যেতে পারে।

স্থানীয়রা জানায়, গত কয়েক দিন আগে মহাসড়কের এ স্থানে মরা গাছের ঢাল ভেঙে পড়ে কয়েকজন পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারী গুরুতর আহত হয়েছেন। মরা গাছগুলো দ্রুত কেটে ফেলার দাবি জানান তারা।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘সরেজমিন পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’