ফু-ওয়াং ফুডসে মিনোরির তিন পরিচালক

পরিচালকদের শেয়ারের মালিকানা হস্তান্তরের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডে নতুন তিন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, যাদেরকে মিনোরি বাংলাদেশ লিমিটেড থেকে মনোনীত করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া পরিচালকরা হচ্ছেন মিয়া মামুন, মো. আফজাল হোসেন ও সিদরাতুল মাহাবুব হাসান। গত বৃহস্পতিবার ফু-ওয়াং ফুডসের ১৭২তম পর্ষদ সভায় এ নিয়োগ দেওয়া হয়।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের শর্ত পূরণে ব্যর্থ ফু-ওয়াং ফুডসের তিন শেয়ারহোল্ডার পরিচালকের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ার কিনে নেয় মিনোরি বাংলাদেশ লিমিটেড। জাপানি বিনিয়োগে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি ফু-ওয়াং ফুডসে আরও অন্তত ২০ কোটি টাকা বিনিয়োগ করবে। এর আগে এমারেল্ড অয়েল নামে তালিকাভুক্ত মৃতপ্রায় কোম্পানিকে নতুন বিনিয়োগের মাধ্যমে সফলভাবে উৎপাদনে ফিরিয়ে এনেছে মিনোরি বাংলাদেশ।

ফু-ওয়াং ফুডসে নতুন নিয়োগপ্রাপ্ত পরিচালক মিয়া মামুন জাপানি কোম্পানি মিনোরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং মিনোরি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আর আফজাল হোসেন এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক ও মিনোরি বাংলাদেশের পরিচালক। এছাড়া মিনোরি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সিদরাতুল মাহাবুব হাসান এমারেল্ড অয়েলে পরিচালক পদে রয়েছেন।