লক্ষ্মীপুরের মেঘনায় গতকাল শনিবার দুপুর থেকেই ডুবোচরে আটকে রয়েছে যানবাহনসহ কুসুমকলি ও কলমিলতা নামের দুটি ফেরি। এর ফলে বন্ধ রয়েছে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটের ফেরি চলাচল। নদীর দুই পাড়ে আটকা রয়েছে কয়েকশ গাড়ি।
ট্রাকচালক জাহাঙ্গীর আলম জানান, নাব্য সংকট ও ডুবোচরের কারণে নদীর মাঝপথে ফেরি ঘণ্টার পর ঘণ্টা আটকে গিয়ে পারাপারে সময় বেশি লাগায় পরিবহনের ট্রিপ কমে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে তাদের।
কুসুমকলি ফেরির ইঞ্জিন অফিসার সাইফুল জানান, মজু চৌধুরীর ঘাটের লক্ষ্মীপুর রহমত আলী চ্যানেলে এবং ভোলার ইলিশা ফেরিঘাটের সামনে পৌনে ১ কিলোমিটার এলাকায় ডুবোচর জেগে ওঠায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না ফেরি। এতে করে প্রতিদিন ৬-৭ ঘণ্টা পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিয়ে ফেরি ও লঞ্চ ডুবোচরে আটকে থাকতে হয়। জোয়ার এলে নদীতে কিছুটা পানি বাড়ে। এরপর ফেরি চলাচল শুরু হয়।
লক্ষ্মীপুরে দায়িত্বরত বিআইডব্লিউটিসির টিআই পেয়ার আহাম্মদ ফরাজি জানান, লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটের রহমত আলী চ্যানেলে এবং ভোলার ইলিশা ফেরিঘাটের সামনে পৌনে ১ কিলোমিটার এলাকায় ডুবোচর জেগে ওঠায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না ফেরি। জোয়ার-ভাটার দিকে তাকিয়েই ফেরি ছাড়তে হয়। নাব্য সংকট ও ডুবোচরের কারণে এই রুটে চলাচলে বিঘœ ঘটার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।