লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি প্রয়াত লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্যদিকে শেখ হাসিনা শোক বার্তায় বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।

তিনি আরও বলেন, লতা মঙ্গেশকর তার কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। তার বয়স হয়েছিল ৯২ বছর।

গত জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। তারপর ১১ জানুয়ারি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন এ শিল্পী। প্রথম থেকেই তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি লতার কভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি।

আরও পড়ুন... ঢাকার সিনেমায় লতার স্মরণীয় সেই গান