ঢাকার ধামরাইয়ে এক তরুণী তার দুই স্বামী নিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন। এমন অভিযোগ তুলে স্থানীয়রা গণপিটুনি দিলে কথিত এক স্বামী পালিয়ে যেতে পারলেও আটক করা হয় আরেক স্বামী ও স্ত্রীকে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন। ঘটনাটি ঘটেছে গাঙ্গুটিয়া গ্রামে।
জানা গেছে, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। তারা একসঙ্গে বসবাস করেন।
স্থানীয়রা বেশ কয়েক দিন ধরে নজর রাখেন তাদের উপর। পরে শনিবার সন্ধ্যায় এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে একটি কক্ষে আটক করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনিও দেন। একপর্যায়ে রেজাউল করিম রাজা নামের এক স্বামী কৌশলে পালিয়ে যান।
পরে এলাকাবাসী অপর স্বামী রনি মিয়াসহ ওই তরুণীকে পুলিশে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, স্থানীয়রা আটকের পর ওই তরুণী দুজনকেই তার স্বামী দাবি করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মফিজ জানিয়েছেন, এক বধূর দুই স্বামী এমন কথা স্থানীয়রা বলছেন। এলাকাবাসী এক তরুণ ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।