লর্ডসে ১৯৮৩ বিশ্বকাপ জয়ের পর বাধভাঙা উল্লাসে মেতেছিলেন কপিল বাহিনীরা। তাদের সঙ্গে শিরোপা জয় উদ্যাপন করতে মাঠে প্রবেশ করেছিল শত শত ভারতীয় সমর্থকও।
পাগলাটে সেসব ভক্ত-সমর্থকদের মাঝে ছিলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরও। মাঠে ‘লতা দিদি’কে দেখে তো আশ্চর্য হয়ে গিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার!
রবিবার সকালে ৯২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন লতা। কিংবদন্তি এই ‘সুর সম্রাজ্ঞী’র প্রয়াণে ভারতের গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে স্মৃতিচারণা করেছেন বেঙ্গসরকার। ৬৫ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার জানালেন, লতা মঙ্গেশকর ক্রিকেটকে কী পরিমাণ ভালোবাসতেন তা।
শিরোপা নিয়ে দেশে ফেরার পর তাদের জন্য আরও চমক অপেক্ষা করছিল। বেঙ্গসরকার জানান, ‘আমাদের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট বোর্ড প্রত্যেক খেলোয়াড়কে ২৫ হাজার রুপি প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেয়। এত কম অঙ্কের অর্থ শোনে বিস্মিত হয়েছিলেন লতা দিদি।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ফেরার পর, তিনি আমাদের জন্য দিল্লিতে তহবিল সংগ্রহের জন্য কনসার্টও করেন। আর তার থেকে দলের প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ রুপি করে দিয়েছিলেন। ওই সময় এটা ছিল বিশাল অঙ্কের অর্থ এবং বোর্ড যে অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল তারচেয়ে অনেক বেশি।’
ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য বেঙ্গসরকার স্মৃতিচারণায় আরও জানান, ‘লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পাশে লতা দিদির একটি বাড়ি ছিল। ১৯৮৬ সালে লর্ডসে তৃতীয় সেঞ্চুরি করেছিলাম, তিনি আমাকে তার বাড়িতে মধ্যাহ্নভোজের জন্য চার-পাঁচবার নিমন্ত্রণ করেছিলেন।’