ভারতের হাজারতম ওয়ানডে খেলতে নেমে নতুন মাইলফলকে চাহাল

ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০০তম ওয়ানডে খেলতে নেমেছে ভারত। সেই সঙ্গে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন যুজুবেন্দ্র চাহাল।

ভারতের হয়ে সবচেয়ে কম ওয়ানডে খেলে পঞ্চম ক্রিকেটার হিসেবে শততম উইকেটের তালিকায় প্রবেশ করলেন চাহাল। ৬০তম ম্যাচে এসে ১০০ উইকেট পেলেন তিনি। এই তালিকায় সবার ওপরে আছেন মোহাম্মদ শামি। ৫৬ ম্যাচে শততম উইকেটের দেখা পান এই পেসার।

তারচেয়ে এক ম্যাচে বেশি খেলে এই ঘরে পা রাখেন আরেক পেসার জসপ্রীত বুমরাহ। এই মাইলফলকে পা রাখতে কুলদীপ যাদবের লেগেছিল ৫৮ ম্যাচ। ইরফান পাঠানের লেগেছিল ৫৯ ম্যাচ।

উইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম ওভার করতে এসে পরপর দুই বলে চাহাল সাজঘরে ফেরান নিকোলাস পুরান ও কাইরন পোলার্ডকে। তার মধ্যে পুরানকে আউট করে শততম ওয়ানডে উইকেটের ঘরে পা রাখেন এই স্পিনার।

হাজারতম ওয়ানডেতে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯.৩ ওভারে ৮ উইকেটে ১৬৪ রান করেছে ক্যারিবীয়রা। ৮ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন চাহাল।