লতা মঙ্গেশকর শুধু ভারতের সঙ্গীতানুরাগীদের জন্য নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন আইকন। ভারত-বাংলাদেশের মতো পাকিস্তানেও লতার জনপ্রিয়তা রয়েছে। লতার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শোক প্রকাশ করেছেন। বেইজিং অলিম্পিক উৎসব উপলক্ষে চীন সফররত ইমরান খান টুইটারে এক টুইটের মাধ্যমে তার শোক প্রকাশ করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশ বিশ্ব দরবারে পরিচিত একজন সত্যিকারের শ্রেষ্ঠ গায়ককে হারিয়েছে’।
‘তার গান শুনে সারা বিশ্বের অনেক মানুষ অনেক আনন্দ পেয়েছে’।
উপমহাদেশের এই প্রখ্যাত সংগীতশিল্পী মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার সকালে ৯২ বছর বয়সে চিকিৎসাধীন মারা যান।
করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। গত চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
লতা মঙ্গেশকরকে ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকেসহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।