ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার ভোর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সোমবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে দৌলতদিয়া প্রান্তের ঘাট কর্তৃপক্ষ।
ভোর থেকেই ফেরি চলাচলে ধীর গতি ও পরে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়ায় আটকা পড়েছে শত শত যানবাহন।
সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ঘাট সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, সোমবার ভোর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে সকাল ৭টা ৩০ মিনিটের দিকে দৌলতদিয়া প্রান্তে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে নৌ রুটে ফেরি বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।