মৃত প্রাণীদের নমুনা সংগ্রহ করেছে সিআইডি, বাঘ ও সিংহ অসুস্থ

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীদের মৃত্যুর মিছিল থামছেই না। এর মধ্যেই আরও একটি বাঘ ও সিংহের অসুস্থ হওয়ার খবর পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

পার্কটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় নানা কারণে বেশ কিছু প্রাণী মারা গেলেও চলতি বছরের জানুয়ারি মাসেই ১১টি জেব্রার মৃত্যু হয়। এ নিয়ে খবরের মধ্যেই জানা যায় একটি বাঘের মৃত্যুর কথা, যা পার্ক কর্তৃপক্ষ গোপন রেখেছিল। এ পরিস্থিতিতেই গত বৃহস্পতিবার একটি সিংহীর মৃত্যু হয়।

এদিকে, সোমবার সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্যা রেজাউল করিম জানান, পার্কে আরও একটি বাঘ ও সিংহ অসুস্থ হয়ে পড়েছে। মেডিকেল টিমের পরামর্শে পার্কের ভেটেরিনারি সার্জন অসুস্থ প্রাণী দুটির চিকিৎসা চালাচ্ছেন।

উল্লেখ্য, সার্বিক পরিস্থিতি দেখতে রবিবার বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও উপমন্ত্রী হাবিবুন নাহার পার্ক পরিদর্শনে আসেন। মন্ত্রী ও উপমন্ত্রী পরিদর্শনে আসার পর আরও দুটি প্রাণীর অসুস্থ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।

পার্ক পরিদর্শন শেষে পার্কের তথ্যকেন্দ্রে সাংবাদিকদের পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, একটি বাঘ ও একটি সিংহ এখনো অসুস্থ রয়েছে। এগুলোর চিকিৎসা চলছে।

উপমন্ত্রী হাবিবুন নাহার বাঘ-সিংহকে দেওয়া খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাণীদের মাংসের চেয়ে হাড় বেশি দেওয়া হচ্ছে। এটা দ্রুত পরিবর্তন হওয়া দরকার।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জানান, সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাফারি পার্কে মারা যাওয়া ১৩ বন্যপ্রাণীর নমুনা সংগ্রহ করেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল সাংবাদিকদের জানিয়েছিলেন, পার্কে মারা যাওয়া প্রাণীগুলোর মরদেহের নমুনা সিআইডি পরীক্ষাগারেও পরীক্ষা করা হবে। প্রাণীগুলোর মৃত্যুর কারণ চিহ্নিত করতে মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। বিশেষজ্ঞ কমিটি চলমান তদন্ত কমিটিকে সহযোগিতা করবে।

নতুন করে একটি বাঘ ও একটি সিংহের অসুস্থতার বিষয়ে পার্কের প্রকল্প পরিচালক মোল্যা রেজাউল করিম বলেন, সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অসুস্থ বাঘ ও সিংহ দুটির চিকিৎসা করছেন। বিশেষজ্ঞ মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে বাঘ ও সিংহটি।

তিনি জানান, পার্কে এখন ২০ টি জেব্রা, ৯ টি বাঘ ও ৯ টি সিংহ রয়েছে। অন্য সব প্রাণীরাও আপাতত সুস্থ সবল রয়েছে।

প্রাণীর মৃত্যুর ঘটনার মেডিকেল টিম ও তদন্ত দল গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। পার্কের প্রাণীদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় মেডিকেল টিম ১০ নির্দেশনা দিয়েছে। তবে নির্দেশনা অনুযায়ী এখনো তেমন কাজ চোখে পড়ছে না বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

পার্কের একাধিক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, প্রতিষ্ঠার পর থেকে এমন বৈরী পরিবেশ সৃষ্টি হয়নি। কর্মকর্তা বা কর্মচারীদের কোনো দ্বন্দ্ব বা প্রাকৃতিক যেকোনো কারণেই হোক পার্কে যেন রাহুর দশা কাটছেই না। এর মধ্যে বাঘ ও সিংহের অসুস্থ হওয়ার খবরে উৎকণ্ঠা আরও বাড়ল।

তারা বলেন, মেডিকেল টিমের ১০ নির্দেশনার কাজ তেমন এগোচ্ছে না। এখনো কাজের হযবরল অবস্থা চলছে। জেব্রার আলাদা বেষ্টনী তৈরি হয়নি। লেকের পানি অপসারণের কথা থাকলেও কাজ বন্ধ রাখা হয়েছে। প্রাণীদের জন্য আনা ঘাস মাটিতে রেখেই সরবরাহ করা হচ্ছে।

তারা অভিযোগ করেন, নির্দেশনার বেশ কিছুদিন পার হয়ে গেলেও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অগ্রগতি চোখে পড়ছে না। আবারও কোনো দুর্ঘটনা ঘটলে কিছুই করার থাকবে না। দ্রুত পরামর্শগুলো বাস্তবায়ন জরুরি।

এতগুলো প্রাণীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন তিনজনকে সংযুক্ত করা হয়েছে।