হাতিকে বনে ফেরাতে গিয়ে বনকর্মী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দলছুট একটি বন্য হাতিকে বনে ফেরাতে গিয়ে হাতির পায়ে নিচে পিষ্ট হয়ে মো. রহমত উল্লাহ (২৮) নামে এক ভিলেজার (বনকর্মী) নিহত হয়েছেন। এ সময় ওই বন্য হাতি বেশ কিছু বাড়ি ভাঙচুর ও ফসলের ব্যাপক ক্ষতি করে। গতকাল সোমবার সকালে উপজেলার ভেওলা মানিকচরের (বিএমচর) খিলছাদক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহমত ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন ভিলেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা আবদুল হান্নান বলেন, সকালে কৃষকরা মাঠে গেলে বন্য হাতি দেখতে পান। খবর পেয়ে সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। এ সময় হাতিকে তাড়ানোর জন্য রহমত খড়ে আগুন লাগিয়ে হাতির দিকে নিক্ষেপ করলে হাতিটি ফিরে এসে রহমতকে পা দিয়ে পিষ্ট করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।