সরকার দেশের গোটা বাজারব্যবস্থা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাম জোটের নেতারা। তারা বলেন, সরকার বাজার সিন্ডিকেটকে যা খুশি তাই করার লাইসেন্স দিয়েছে। বাজারে গেলে মনে হয় না দেশে কোনো সরকার আছে। অনতিবিলম্বে দায়িত্বহীন বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন জোটের নেতারা। গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি করেন।
সমাবেশে জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গত দুই বছরে ভোজ্য তেলের দাম আট দফা বাড়ানো হয়েছে। পাঁচ লিটারের সয়াবিন তেলের দাম গত দুই বছরে ৫০৫ টাকা থেকে ৭৯৫ টাকায় উঠেছে।
সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ভোটবিহীন এই সরকার প্রতিদিন মানুষের দুঃখ-দুর্দশা চরমে নিয়ে যাচ্ছে। এই সরকার ও শাসকশ্রেণিকে হটাতে না পারলে মানুষের মুক্তি নেই। বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে কার্যকর এবং গণবণ্টন ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি।