শ্রদ্ধায় ভালোবাসায় শায়িত হলেন জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমান। গতকাল সোমবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে মরদেহ পৌঁছলে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনসহ সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে প্রথম জানাজা হয়। দ্বিতীয় দফায় জানাজা হয় মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী পশ্চিমপাড়া মাঠে।
গত শনিবার বিকেলে জ্যেষ্ঠ সাংবাদিক ও খ্যাতিমান কলামনিস্ট পীর হাবিবুর রহমান রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।