সাভারে ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক কিশোরকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। তার নাম আকাশ হোসেন (১৬)। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত রবিবার রাতে সাভার পৌর এলাকার গার্লস স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। আকাশ সাভারের আড়াপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সাদেকুল ইসলাম জানান, গত রবিবার রাতে কয়েকজন বন্ধুকে নিয়ে আকাশ পূজা দেখতে পৌর এলাকার দক্ষিণপাড়ায় গার্লস স্কুল এলাকায় যায়। এ সময় গলির মধ্যে কয়েকজন যুবক তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এতে আকাশ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল বলেন, ছিনতাইয়ের বিষয়টি শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।