মার্চে বাংলাদেশ-ভারত বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকের সম্ভাবনা

বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বাসস জানায়, নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ওই বৈঠকে বাংলাদেশি পাটজাত দ্রব্য খালাস শুল্ক তুলে নেয়া, অধিকতর বাংলাদেশি পণ্য রপ্তানির লক্ষ্যে ভারতের বিএসটিআই সনদের স্বীকৃতি ও বাণিজ্য বাধা দূরীকরণের মতো বিষয় গুলোতে আলোকপাত করা হবে।

২০১৭ সাল থেকে পাঁচ বছর বাংলাদেশি পাটজাত দ্রব্যের ওপর নয়াদিল্লি  পণ্য খালাস শুল্ক আরোপ করেছে। ঢাকা দীর্ঘদিন ধরেই এই শুল্ক তুলে নেয়ার দাবি জানিয়ে আসছে।

এই বিষয়টি নিয়ে গত বছরের মার্চ মাসে ঢাকায় আয়োজিত বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হলেও এ ব্যাপারে কোনো উল্লেখযোগ্য সমাধান আসেনি।

সূত্র আরও জানায়, বাংলাদেশ এই শুল্ক তুলে নিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।

তারা বলেছে, সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের বিস্তার আসন্ন বৈঠকের এজেন্ডায় প্রাধান্য পাবে।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ও ভারতীয় বাণিজ্য মন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেবেন।

গত বছরের মার্চ মাসে ঢাকায় উভয় দেশের সর্বশেষ বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন ও ভারতের বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ওয়াধাবান নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।