আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি পেসার এবাদত হোসেন। যার অসাধারণ নৈপুণ্যে গত মাসে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়েছিল টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে এবাদত ৪৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য বাংলাদেশকে পরাজিত করে কিউইরা। ফলে ১-১ ব্যবধানে ড্র হয় সিরিজটি।
তবে সিরিজটি বাংলাদেশের জন্য মাইল ফলক হয়ে থাকবে। কারণ এমন একটি সময় টাইগাররা ওই জয়টি পেয়েছিল, যখন টেস্টে তাদের পারফরম্যান্সের গ্রাফ নিচের দিকে নামতে শুরু করেছিল।
জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য এবাদতের সঙ্গে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই উদীয়মান তারকা ডেওয়াল্ড ব্রেভিস ও কিগান পিটারসেন।
এবাদত প্রসঙ্গে আইসিসি লিখেছে, ‘১১ টেস্ট থেকে ১৮ রান সংগ্রহ করা এবাদত ক্যারিয়ার সেরা ৪৬ রানে ৬ উইকেট সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ দলের নতুন সেনসেশন হিসেবে আবির্ভূত হয়েছেন। গত মাসে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ২৭ বছর বয়সী এ ফাস্ট বোলারের প্রথমবারের মত পাঁচের অধিক উইকেট শিকারে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে আট উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা।’
এবাদতের আগে বাংলাদেশ থেকে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ ও নারী ক্রিকেটরা নাহিদা আকতার। এদের মধ্য থেকে শেষ পর্যন্ত পুরস্কার জিতেন সাকিব ও মুশফিক।
এদিকে মেয়েদের মাস সেরার লড়াইয়ে আছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার দিন্দ্রা ডটিন ও ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট।