বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সম্প্রতি শিয়ালের আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামবাসী এলাকায় পাহারার ব্যবস্থা করেছে এবং অনেকেই লাঠি হাতে চলাচল করতে শুরু করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলার আমরুল ইউনিয়নে গত শনিবার থেকে চার দিনে শিয়ালের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। এদিকে, এ ঘটনায় ইউনিয়নের ফুলকোট গ্রামে গত ৪ দিনে ২টি শিয়াল হত্যা করেছে গ্রামবাসী।
আমরুল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম নয়ন গণমাধ্যমকে জানান, গত শনিবার থেকে ইউনিয়নের রামপুর, ফুলকোট, রাধানগর, রায়নগরসহ ৪-৫টা গ্রামের অন্তত ৩০ জনকে শিয়াল কামড়েছে। তাদের মধ্যে নারী-পুরুষ-বৃদ্ধ আছে।
তিনি বলেন, আমাদের এখানে যেমন শস্য খেত, সবজি খেত আছে, তেমনি আছে অনেক ঝোপঝাড়। কয়েক দশক ধরে এই এলাকায় প্রচুর শিয়ালের আনাগোনা হয়েছে।
তিনি বলেন, আগে অবশ্য শিয়াল কখনও কামড়ায়নি। কিন্তু এখন শিয়ালগুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না। তাই তারা মানুষের বাড়ি এসে পড়ে, মানুষকে কামড়ায়।
তিনি জানান, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিয়াল সাধারণত ২ কারণে মানুষকে আক্রমণ করে। পর্যাপ্ত খাবার না পেলে বা আক্রমণের শিকার হলে এবং র্যাবিস ভাইরাসে আক্রান্ত হলে।
তিনি বলেন, পাগলা শিয়াল কাউকে কামড়ালে, তাকে জায়গাটা পরিষ্কার করতে হবে এবং ডাক্তারের কাছে গিয়ে জলাতঙ্ক টিকা নিতে হবে।
শিয়ালের কামড়ে কতজন আহত হয়েছেন বা ভ্যাকসিন নিয়েছেন জানতে চাইলে শাহজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোতারব হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি আজ জানতে পেরেছি। তবে কতজন ভ্যাকসিন নিয়েছেন তা আগামীকাল বলতে পারব।