ত্রাণের ৬০০ টন চাল আত্মসাৎ

দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন খাতে বরাদ্দ সরকারি ত্রাণের (জিআর) ৬০০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া। প্রায় ২ কোটি ১৮ হাজার টাকা মূল্যের এসব চাল আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় দামুড়হুদা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফ হোসেন (৩৮) ও অফিস সহকারী সাইফুর রহমানের (৪৫) বিরুদ্ধে মামলাটি হয়। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ (বিশেষ জজ) জিয়া হায়দারের আদালতে দুদক সদর দপ্তরের উপপরিচালক আবদুল মাজেদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর সময়কালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মরত থাকাকালে তারা দুজন যোগসাজশে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন খাতে সরকারি বরাদ্দপ্রাপ্ত ৬০০ মেট্রিক টন চাল ভুয়া মাস্টার রোল এবং বিল ভাউচার তৈরির মাধ্যমে আত্মসাৎ করেন। তদন্তকালে এ ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয় দুদক।