সিডন্সকে দেখে ‘কষ্ট’ ভুলে গেছেন মাশরাফী

২০০৭ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচ থাকার সময় জেমি সিডন্স নানা সিদ্ধান্তের কারণে বেশ আলোচিত-সমালোচিত ছিলেন। যার অন্যতম ছিল ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ দল থেকে মাশরাফী বিন মোর্ত্তজার বাদ যাওয়া। ফিটনেসের কারণ বলা হলেও মাশরাফী পরে জানতে পারেন সিডন্সই নেননি তাকে। সিদ্ধান্তে কান্নায় ভেঙে পড়েছিলেন মাশরাফী। সেই টুর্নামেন্টের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সিডন্স এবার বাংলাদেশে এসেছেন নতুন ভূমিকায়। তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। নতুন দায়িত্ব নিয়ে এসেই তিনি ঘুরে বেড়াচ্ছেন একেক মাঠে। ঢাকার পর বিপিএলের খেলা দেখতে সোমবার আসেন সিলেটেও। খেলা দেখার পাশাপাশি ঘুরে ঘুরে দেখেন অবকাঠামো। সেখানেই তার সঙ্গে সোমবার দেখা হয়ে যায় মাশরাফীর।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাশরাফী লিখেছেন কষ্ট ভুলে যাওয়ার কথা, নতুন দায়িত্বে শুভকামনা জানিয়েছেন সিডন্সকে ‘২০১১-র কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি। মনেপ্রাণে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে যাদের অবদান আছে তুমি তাদের ভেতর অন্যতম। আমি হয়তো দলে আর আসব না তবে তোমার জন্য শুভকামনা। তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক নতুনত্ব। হয়ে উঠুক আনন্দময়। তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি। সামাজিক দূরত্ব থেকে তোমার প্রতি ভালোবাসা। বাংলাদেশও তোমাকে ভালোবাসে।’