জনপ্রিয় অনলাইন ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন টিকটকে অভিষেক হলো পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের। প্রথম দিনই ছোট্ট একটি ভিডিও তৈরি করে সবার উদ্দেশ্যে অর্থবহ বার্তাও প্রেরণ করেছেন তিনি।
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব মঙ্গলবার টুইট বার্তায় ভক্তদের নিজের টিকটক অ্যাকাউন্টের সঙ্গে পরিচয় করে দেন। সদ্য খোলা টিকটক অ্যাকাউন্টের লিংক শেয়ার করে শোয়েব লিখেন, ‘অবশেষে আমি আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম টিকটকে। ক্রিকেট এবং আরো অনেক কিছু, কিন্তু দায়িত্ব সহকারে। আমার প্রথম ভিডিওটি দেখুন এবং আমাকে ফলো করুণ।’
শোয়েবের প্রথম টিকটক ভিডিওতে দেখা যায় ভারী একটি বাইকে বসে আছেন তিনি, হাতে হেলমেট। ভিডিওতে শোয়েব বলেন, ‘মটর সাইকেল চালানোর আগে যেমন হেলমেট পড়তে হবে আপনাকে, তেমনই আমার বোলিংয়ের মুখোমুখি হলে আপনাকে ধীর হতে হবে। এবং ইন্টারনেটে যে কোনো কিছু আপলোড করার আগে ভাবতে হবে। যেন এটা কারো ক্ষতি না করে এবং কারো আবেগে আঘাত না করে।’
টিকটকে অ্যাকাউন্ট খোলার কয়েক ঘণ্টার মধ্যে শোয়েবের ফলোয়ার ২২ হাজারে পৌঁছায়। তবে তখন পর্যন্ত তিনি নিজে কাউকে অনুসরণ করেননি।
এমনিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত হাজির হয়ে কথা বলেন বিভিন্ন বিষয়ে। এবার টিকটকেও পাওয়া যাবে তাকে।