অস্কারের ৯৪তম আসরে চমকে দেওয়া মনোনয়ন

একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯৪তম আসরের মনোনয়ন ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে অস্কারের অনলাইনে সরাসরি অনুষ্ঠানে বিস্তারিত জানা যায়।

এবার ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। আর মনোনয়নের রয়েছে নানা ধরনের চমক। বিশেষ করে ‘বৈচিত্র্যকে গুরুত্ব না দেওয়ার’ যে অভিযোগ এবার তা অনেকটা প্রশমিত হয়েছে।

নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন ‘দ্য পিয়ানো’র জন্য তিন দশক আগে নারী হিসেবে প্রথমবার কান উৎসবে স্বর্ণপাম জিতে ইতিহাস গড়েছিলেন। একই ছবির সুবাদে অস্কারেও সেরা পরিচালক বিভাগে মনোনীত প্রথম নারী নির্মাতা তিনি। ২৮ বছর পর আবারও সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেলেন ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য। তিনিই একমাত্র নারী যিনি অস্কারে এ বিভাগে দু’বার মনোনয়ন পেলেন।

‘দ্য পাওয়ার অব ডগ’ সর্বাধিক ১২টি শাখায় মনোনয়ন পেয়েছে। সেরা অভিনেতা শাখায় মনোনীত হয়েছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, পার্শ্ব অভিনেত্রী শাখায় কির্স্টেন ডান্সট এবং সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পেয়েছে কোডি স্মিট-ম্যাকফি ও জেসি প্লেমন্স।

মজার বিষয় হলো, কির্স্টেন ডান্সট ও জেসি প্লেমন্স ব্যক্তিজীবনে বাগদান সেরেছেন। এ ছাড়া এক যুগের দাম্পত্য সঙ্গী স্প্যানিশ তারকা হাভিয়ার বারদেম ‘বিইং দ্য রিকার্ডোস’ ছবির জন্য সেরা অভিনেতা এবং পেনেলোপি ক্রুজ ‘প্যারালাল মাদারস’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন। উভয়ে এর আগে অস্কার জিতেছেন। এ ছাড়া ‘বিইং দ্য রিকার্ডোস’ ছবির জন্য সেরা অভিনেত্রী শাখায় মনোনীত হয়েছেন নিকোল কিডম্যান। এটি তার পঞ্চম অস্কার মনোনয়ন।

সেরা চলচ্চিত্রসহ দ্বিতীয় সর্বোচ্চ ১০টি শাখায় মনোনীত হয়েছে কানাডার ডেনি ভিলন্যুভ পরিচালিত আলোচিত কল্প-বিজ্ঞান ছবি ‘ডিউন’। অভিনেতা-নির্মাতা কেনেথ ব্রানার শৈশবের স্মৃতি অবলম্বনে নির্মিত ‘বেলফাস্ট’ সেরা চলচ্চিত্রসহ ৭টি শাখায় মনোনীত হয়েছে। এ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় জুডি ডেঞ্চ এবং সেরা পার্শ্ব অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন কিয়ারান হাইন্ডস। এটি জুডি ডেঞ্চের অষ্টম অস্কার মনোনয়ন।

সেরা পরিচালক এবং সেরা মৌলিক চিত্রনাট্য শাখায় মনোনয়ন পেয়েছেন কেনেথ ব্রানা। সেরা প্রযোজক শাখায়ও আছে তার নাম। অস্কারের ইতিহাসে সাতটি ভিন্ন শাখায় মনোনীত প্রথম ব্যক্তি হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

জোয়েল কোয়েনের ‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’ ছবির জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছে ডেনজেল ওয়াশিংটন। এটি অস্কারে এই তারকার দশম মনোনয়ন, যা কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে রেকর্ড। ।

একটি বধির পরিবারে কেবল একজন নারীর শ্রবণশক্তি আছে এমন গল্প নিয়ে নির্মিত ‘কোডা’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেতা শাখায় মনোনীত হয়েছেন ট্রয় কাটসার। অস্কারের ইতিহাসে এর আগে কেবল একজন বধির অভিনেতা মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া চমক জাগিয়ে প্রথমবারের মতো বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ভুটানের কোনো ছবি; ‘লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম’।

৯৪তম অস্কারের উল্লেখ মনোনয়ন—

সেরা চলচ্চিত্র: বেলফাস্ট, কোডা, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডিউন, কিং রিচার্ড, লিকোরিস পিৎজা, নাইটমেয়ার অ্যালি, দ্য পাওয়ার অব দ্য ডগ ও ওয়েস্ট সাইড স্টোরি।

সেরা অভিনেতা: হাভিয়ার বারদেম (বিইং দ্য রিকার্ডোস), বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ), অ্যান্ড্রু গারফিল্ড (টিক, টিক...বুম!), উইল স্মিথ (কিং রিচার্ড) ও ডেনজেল ওয়াশিংটন (দ্য ট্র্যাজেডি অব লেডি ম্যাকবেথ)।

সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই), অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার), নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস), পেনেলোপি ক্রুজ (প্যারালাল মাদারস) ও ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেন্সার)।

সেরা পার্শ্ব-অভিনেতা: কিয়ারান হাইন্ডস (বেলফাস্ট), ট্রয় কাটসার (কোডা), জেসি প্লেমনস (দ্য পাওয়ার অব দ্য ডগ), জে. কে. সিমন্স (বিইং দ্য রিকার্ডোস) ও কোডি স্মিথ-ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)।

সেরা পার্শ্ব-অভিনেত্রী: জেসি বাকলি (দ্য লস্ট ডটার), আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি), জুডি ডেঞ্চ (বেলফাস্ট), কির্স্টেন ডান্সট (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও আনজানু এলিস (কিং রিচার্ড)।

সেরা পরিচালক: কেনেথ ব্রানা (বেলফাস্ট), রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার), পল থমাস অ্যান্ডারসন (লিকোরিস পিৎজা), জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও স্টিভেন স্পিলবার্গ (ওয়েস্ট সাইড স্টোরি)।

সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট (কেনেথ ব্রানা), ডোন্ট লুক আপ (অ্যাডাম ম্যাকে, ডেভিড সরোটা), কিং রিচার্ড (জ্যাক বেইলিন), লিকোরিস পিৎজা (পল থমাস অ্যান্ডারসন) ও দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (এসকিল ভক্ট, ওয়াকিম ট্রিয়ার)।

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা (শন হেডার), ড্রাইভ মাই কার (রিয়ুসুকে হামাগুচি, তাকামাসা ওয়া), ডিউন (ডেনি ভিলন্যুভ, এরিক রথ, জন স্পেইটস), দ্য লস্ট ডটার (ম্যাগি জিলেনহাল) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জেন ক্যাম্পিয়ন)।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: এনকান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস), ফ্লি (আন্তর্জাতিক যৌথ প্রযোজনা), লুকা (পিক্সার অ্যানিমেশন স্টুডিওস), দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিনস (সনি পিকচার্স অ্যানিমেশন) ও রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস)।

সেরা প্রামাণ্যচিত্র: অ্যাসেনশন, অ্যাটিকা, ফ্লি, সামার অব সৌল (...অর, হোয়েন দ্য রেভোল্যুশন কুড নট বি টেলিভাইসড) ও রাইটিং উইথ ফায়ার।

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: ড্রাইভ মাই কার (জাপান), ফ্লি (ডেনমার্ক), দ্য হ্যান্ড অব গড (ইতালি), লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম (ভুটান) ও দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে)।

লস অ্যাঞ্জেলসের হলিউডে ডলবি থিয়েটারে ৯৪তম অস্কার অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ।