জুয়া খেলতে বাধা দেওয়ায় স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যা

নরসিংদীর বালুসাইর এলাকায় জুয়া খেলতে বাধা দেওয়ায় আছিয়া (২৮) নামে এক নারীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন স্বামী।

খবর পেয়ে বুধবার সকাল ১১টার দিকে পরিত্যক্ত ইটভাটার পাশের জমি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আছিয়া মাধবদীর বালুসাইর গ্রামের ফজর আলীর স্ত্রী। তিনি মাধবদী একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

নিহতের স্বজনরা জানায়, আছিয়া প্রতিদিনের মতো কারখানার কাজ শেষে রাতে বাড়ি ফেরেন। এরপর জুয়া খেলাকে কেন্দ্র করে স্বামী জোহর আলীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে আছিয়াকে মারধর শুরু করেন। পরে লোহার রড দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে।

ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সন্তানরা তাকে বাধা দিতে এলে তাদেরকেও পেটাতে আসে। পরে গভীর রাতে নিহতের মরদেহ পরিত্যক্ত সানি ইটভাটার পাশের জমিতে ফেলে দেয়।

পরে সকাল ১০টার দিকে ইট ভাটার পাশে মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। নিহত আছিয়ার ৩ সন্তান রয়েছে।

নিহতরে ছেলে রাজিব বলেন, রাতে মা-বাবার মধ্যে ঝগড়া হয়। ওই সময় রড দিয়ে মাকে পিটিয়ে মারে।

মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, নিহতের স্বামী কাজকর্ম করতো না। সারা দিন জুয়ার আড্ডায় মেতে থাকতো। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এরই জেরে ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তথ্য পেয়েছি। বাকি বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।