নাফ নদীতে জেলেদের ওপর মিয়ানমার বাহিনীর গুলি, নিখোঁজ ১

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।

এ সময় গুরামিয়া নামে এক জেলে ফিরে আসতে পারলেও মোহাম্মদ ইলিয়াস নিখোঁজ রয়েছেন।

বুধবার ভোরে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদীর বাংলাদেশ মিয়ানমারের জলসীমায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ মো. ইলিয়াস (৪০) হোয়াইক্যং বালুখালী এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। গুরা মিয়া একই এলাকার মতিউর রহমানের ছেলে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, দুই জেলে নাফ নদীতে মাছ শিকারে গেলে এক পর্যায়ে মিয়ানমারের জলসীমায় চলে গেলে বিজিপি তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে এক জেলে ফিরে আসতে পারলেও অপরজন নিখোঁজ রয়েছেন। খবরটি নিশ্চিত হওয়ার পর এ ব্যাপারে বুধবার বিকেলে মিয়ানমার সিমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে নিখোঁজ জেলে ইলিয়াছের ভাই শামসুল আলম জানান, বুধবার ভোরে দুজন মাছ শিকারে গিয়েছিলেন। সকালে খবর পাই মাছ শিকারের একপর্যায়ে তারা মিয়ানমার সিমান্তে চলে গেলে তাদের ওপর গুলিবর্ষণ করে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী।

তিনি বলেন, এ সময় ইলিয়াস চিৎকার দিয়ে নদীতে নিখোঁজ হয়ে যান। এ সময় প্রাণ ভয়ে পালিয়ে আসেন গুরা মিয়া। পরে তারা টেকনাফে বিজিবিকে জানায়। এ ঘটনায় নিখোঁজ ইলিয়াসের স্বজনরা উৎকন্ঠায় রয়েছে।