তৃতীয়বারের মতো মেয়র পদে শপথ আইভীর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন। টানা তৃতীয় মেয়াদে মেয়র হিসেবে শপথগ্রহণ করলেন আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে বিজয়ী আইভী।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র আইভীকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ শপথ অনুষ্ঠানে অংশ নেন। পরে নাসিকের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

শপথ নেওয়ার জন্য সকালেই ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হন নির্বাচিত সিটি মেয়র আইভী ও ৩৬ জন কাউন্সিলর।

গত ১৬ জানুয়ারির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির মেয়র নির্বাচিত হন আইভী। ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনেও মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। গত ২৭ জানুয়ারি বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়।

এ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত নেতা তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ৫৬২ ভোট।