এক দিনের ব্যবধানে শনাক্ত-মৃত্যু কমেছে

দেশে এক দিনের ব্যবধানে করোনা শনাক্ত, শনাক্ত হার ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জন এবং মারা গেছে ৩৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার ৮ হাজার ৩৫৪ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছিল ৪৩ জনের। সে দিন শনাক্তের হার ছিল ২০ দশমিক শূন্য ৩ শতাংশ। অর্থাৎ এক দিনের ব্যবধানে রোগী, শনাক্ত হার ও মৃত্যু কমেছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন এবং মারা গেছে ২৮ হাজার ৭০৩ জন।

গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত এক দিনে দেশে ৪২ হাজার ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৫৯৯টি । নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৫ হাজার ৩৬৩ জন, ময়মনসিংহে ১২৪, চট্টগ্রামে ৯৯৫, রাজশাহীতে ৫১৩, রংপুরে ২২৬, খুলনায় ৩৭১, বরিশালে ২০৯ এবং সিলেট বিভাগে ২১৫ জন রয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ২, সিলেটে ২, ময়মনসিংহে ২ এবং রংপুরে ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৯ জন। দেশে এ পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছে ১৮ হাজার ৩২৮ জন আর নারী ১০ হাজার ৩৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৬১-৭০ বছরের মধ্যে মারা গেছেন ১০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭, ৫১-৬০ বছরের মধ্যে ৬, ৪১-৫০ বছরের মধ্যে ৪, ৩১-৪০ বছর ও ৯১-১০০ বছরের মধ্যে ২ জন করে, ২১-৩০ ও ৮১-৯০ বছরের মধ্যে একজন করে রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৭ ও বেসরকারি হাসপাতালে পাঁচজন মারা গেছেন। বাকি একজনের মৃত্যু হয়েছে বাড়িতে।