সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে মালয়েশিয়ার পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার।
বুধবার সেলাঙ্গর প্রদেশের আমপাং এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
খায়রুজ্জামানকে গ্রেপ্তারের বিস্তারিত জানা না গেলেও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জাইনুদিন বলছেন, তাকে গ্রেপ্তারে বাংলাদেশ অনুরোধ করেছিল।
খায়রুজ্জামানকে নিয়ম মেনেই গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে হামজা জাইনুদিন বলেন, ‘তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে এবং গ্রেপ্তারের বিষয়ে তার দেশের একটি অনুরোধ রয়েছে।’
এক যুগের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করে আসা খায়রুজ্জামানের বিরুদ্ধে ১৯৭৫ সালের জেল হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে পরে তাকে এ সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তাকে ঢাকায় ফিরতে বলা হয়। কিন্তু ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড নিয়ে তিনি মালয়েশিয়ায় থেকে যান।
এর আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি মিয়ানমার, মিসর ও ফিলিপাইনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেন খায়রুজ্জামান।