ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও দলের দাপুটে জয়ে বড় অবদান রাখলেন মঈন আলী। ইংলিশ তারকার অলরাউন্ড নৈপুণ্যে বিপিএলের ঢাকা পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৫ রানের জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় খুলনা। তার আগে মঈনের বিধ্বংসী ফিফটি ও লিটন দাশের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮৮ রান করে কুমিল্লা।
শুক্রবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ছক্কার ঝড় বইয়ে দেন মঈন। ৩৫ বলে ৭৫ রান করার পথে ৯ ছয় ও এক চার মেরেছেন ইংলিশ অলরাউন্ডার।
কম যাননি লিটনও। শুরুতেই বিধ্বংসী ব্যাটিংয়ে কুমিল্লার ওপেনার-উইকেটরক্ষক ১৭ বলে ৪ চার ও ৩ ছয়ে করেন ৪১ রান। মঈন-লিটন দুজনের ঝড় থামান থিসারা পেরেরা।
তবে তার আগে কুমিল্লাকে বড় পুঁজির পথে নিয়ে যান এই দুই ব্যাটার। লিটন-মঈন ঝড় তুললেও এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ৩৮ রান করেন ফাফ ডু প্লেসি।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে খুলনা। দুই ওপেনার রনি তালুকদার (০) ও আন্দ্রে ফ্লেচারকে (১৬) ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর কুমিল্লার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি কেউ। সৌম্য সরকার (২২) ও ইয়াসির আলীকে (১৮) ফেরান মঈন। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
আবু হায়দার রনি তুলে নেন উইকেটরক্ষক-অধিনায়ক মুশফিকুর রহিম (০), সিকান্দার রাজা (৮) ও থিসারাকে (২৬)। মাহেদি হাসান (১১) ও রুয়েল মিয়াকে (০) সাজঘরে ফেরান নাহিদুল ইসলাম। খুলনার শেষ উইকেট খালেদ আহমেদকে (৮) আউট করেন তানভীর ইসলাম।
এই ম্যাচের ফলাফলে ফরচুন বরিশালের পর কোয়ালিফায়ার নিশ্চিত হলো কুমিল্লার। আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ও বরিশাল। জয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে। পরাজিত দল সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার।