সার্চ কমিটির সঙ্গে বিশিষ্টজনদের বৈঠক চলছে

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ২০ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি।

সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

এই ২০ ব্যক্তি হলেন— সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এম কে রহমান, ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. মাকসুদ কামাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) প্রেসিডেন্ট মুনিরা খান ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদ আলী।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

আইন অনুযায়ী, এই সার্চ কমিটি নতুন ইসি গঠনের জন্য যোগ্য দশজনের নাম প্রস্তাব করবে। সেই নাম থেকে পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। সেই ইসির ওপরই থাকবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।

সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী আইন পাসের পর গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে দেন।  নাম প্রস্তাব করার জন্য সার্চ কমিটিকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে আইনে। তার আগেই ১৪ ফেব্রুয়ারি পূর্ণ হচ্ছে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ।