আশা আগেই শেষ হয়ে গিয়েছিল সিলেট সানরাইজার্সের। তবে চলমান বিপিএলের প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
উইল জ্যাকস ও শামীম হোসেনের ঝড়ে সেই আশা পূরণ করেছে আকবর আলীর দল। সিলেটকে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম।
শনিবার বিপিএলের ২৯তম ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রানের পাহাড় গড়েও জয় পায়নি সিলেট। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৫ রান করে রবি বোপারার দল।
সিলেটকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার কলিন ইনগ্রাম (২৪) ও উইকেটরক্ষক এনামুল হক বিজয় (৩২)। এরপর দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান তিন মিডল-অর্ডার ব্যাটার লেন্ডল সিমন্স (৪২), অধিনায়ক বোপারা (৪৪) ও মোসাদ্দেক হোসেন সৈকত (৩৫*)। তার মধ্যে মোসাদ্দেকের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন বোপারা।
চট্টগ্রামের হয়ে ৩৭ রানে ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এক উইকেট করে নেন মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।
লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ জবাব দেন চট্টগ্রামের দুই ওপেনার জ্যাকস ও জাকির হোসেন (১৭)। শেষ ১৩ বলে ১৩ রান দরকার ছিল তাদের। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ছয় মেরে চট্টগ্রামকে জয়ের বন্দরে নিয়ে যান জ্যাকস।
দলকে জেতানোর পথে চাদভিক ওয়াল্টনের (৩৫) সঙ্গে ৬৯ এবং শেষদিকে শামীমের সঙ্গে ১১ বলে ২৮ রানের জুটি করেন ইংলিশ ব্যাটার। ওপেনিংয়ে নেমে ৫৭ বলে ৮ চার ও ৪ ছয়ে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন জ্যাকস। শেষদিকে ৭ বলে ২১ রানের ক্যামিও উপহার দেন শামীম।
১৯.১ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান করে চট্টগ্রাম। সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন আলাউদ্দিন বাবু ও সোহাগ গাজী। ম্যাচ সেরা হয়েছেন জ্যাকস।
এই পরাজয়ে বিপিএল শেষ করা সিলেট ১০ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম।