সাতক্ষীরায় টিউবওয়েল থেকে প্রাকৃতিক গ্যাসের উদ্‌গিরণ

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা গাবুরার পার্শ্বেমারীতে টিউবওয়েল থেকে প্রাকৃতিক গ্যাস উদ্‌গিরণ হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এতে আগুন দিলে দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, ‘শ্যামনগরের বদ্বীপ খ্যাত গাবুরা ইউনিয়নে সবচেয়ে বড় সমস্যা সুপেয় পানি। এ অঞ্চলের মানুষের পানি সমস্যা নিরসনে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এগিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী রবিউল ইসলাম রবির অর্থায়নে পার্শ্বেমারী গ্রামের বায়তুন নুর জামে মসজিদের সামনে গত ১১ ফেব্রুয়ারি শুক্রবার একটি গভীর নলকূপ স্থাপনের কাজ সমাপ্ত হয়।’

তিনি আরও জানান, ‘পানি উঠলেও পানির সঙ্গে গ্যাসের গন্ধ পাওয়া যায়। স্থানীয়দের সন্দেহ হলে দেশলাই দিয়ে আগুন জ্বালালে জ্বলতে থাকে। যতক্ষণ পর্যন্ত টিউবওয়েল চেপে পানি তুলছে, ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলছে। বিকেল অবধি জ্বলতে থাকলে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিভিয়ে টিউবওয়েলের মুখটি বন্ধ করে দেন। একই সঙ্গে লাল পতাকা দিয়ে ওই স্থানটিকে চিহ্নিত করেন।’

পার্শ্বেমারী গ্রামের মিজানুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাসের মজুত রয়েছে। সরকার যদি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাস উত্তোলন শুরু করেন তবে এ জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের পথ সুগম হবে।’

কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার বেল্লাল হোসেন মৃধা জানান, ‘টিউবওয়েলে গ্যাসের চাপ ছিল অনেক। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বিকেলে সেখানে লাল পতাকা টানানোর পাশাপাশি দুই সপ্তাহের আগে উপজেলা প্রশাসনের নির্দেশনা ছাড়া কাউকে ওই টিউবওয়েলের কাছাকাছি যেতে নিষেধ করে দেয়া হয়েছে।’