প্রথম সংসারে ফিরে আসতে অস্বীকৃতি জানানোয় নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক স্বামী কর্তৃক ছুরিকাঘাতের শিকার হয়েছেন মোছা. রানী আক্তার (২৫) নামে এক নারী। গতকাল শনিবার সকালে নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রানীকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানী আক্তার উপজেলার জৈনপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে এবং অভিযুক্ত মোজাম্মেল হক (৩৫) কলুঙ্কা গ্রামের বাসিন্দা।
রানীর ছোট বোন তন্বী আক্তার বলেন, মোজাম্মেল হক সম্পর্কে আমাদের মামাতো ভাই। সে কিছুই করত না। আমার বোন ঢাকায় সুয়েটার ফ্যাক্টরিতে চাকরি করে তাকে চালাত। ১৪ বছর সংসার করে আমার বোন নিজেই তাকে ডিভোর্স দেয়। তাদের কোনো সন্তান ছিল না। তিন মাস আগে রানী দ্বিতীয় বিয়ে করলে আত্মীয়স্বজনরা তাকে আগের সংসারে ফিরে যাওয়ার জন্য চাপ দেয়। এদিন সকালে মোজাম্মেল রানীকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। রানী অস্বীকৃতি জানালে মোজাম্মেল তাকে পিঠে, গলায় ও কানের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।