এ গ্রেড পেয়ে এইচএসসি পাশ করলেন পূজা চেরি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রবিবার দুপুরে। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরি। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। পূজা মানবিক বিভাগ থেকে ৪.০৮ (এ গ্রেড) পেয়েছেন বলে রবিবার দুপুরে নিশ্চিত করেন। পূজা বলেন, আমি এই রেজাল্টে খুশি। আমার মা এবং পরিবারের সদস্যরা প্রত্যেকেই অনেক খুশি হয়েছেন।

পরীক্ষার সময়টাতে পূজার শুটিং করে করে কেটেছে। একবার সুনামগঞ্জ আরেকবার জামালপুর। তিনি জানান, হৃদিতা ও গলুই দুই সিনেমার শুটিং ছিল পরীক্ষায় সময়টাতে। শুটিং করেছেন আবার পরীক্ষা দিয়েছেন। এতে যে রেজাল্ট হয়েছে সেটা অনেক বেশি।

পূজা বলেন, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি ও আমার পরিবার জানে পরীক্ষার আগের রাতে যতটুকু পেরেছি পড়েছি। এর আগে একটিবারের জন্যই বই হাতে নেইনি। সব সময় শুটিং করে কাজের মধ্যে কেটেছে। পরীক্ষার আগের রাতে পড়েও যে ‘এ গ্রেড’ পেয়েছি এটাই আমার কাছে অনেক। ভেবেছিলাম টেনেটুনে পাশ করব। যা পেয়েছি প্রত্যাশার চেয়ে বেশি। তিনি বলেন, সবে রেজাল্ট দিল। এখনো চূড়ান্ত করিনি কোন ভার্সিটিতে পড়ব। তবে ইচ্ছে আছে আইন বিষয়ে উচ্চতর পড়ার।