সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের অবহেলাকে কেন দায়ী করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার দুপুর ১২টার দিকে হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হারুন অর রশীদ ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মো. হারুন অর রশীদ ফরিদ জানান, গত জানুয়ারি মাসে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহ মারা যাওয়ার ঘটনায় গত ২ ফেব্রুয়ারি জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করা হয়। আদালত ১৩ ফেব্রুয়ারি পিটিশন শুনানির দিন নির্ধারণ এবং তা যথাসময়ে শুনানি করেন।

তিনি বলেন, শুনানি শেষে বিচারপতিদ্বয়ের গঠিত বেঞ্চ প্রাণীগুলোর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন। একইসঙ্গে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে এটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে খুব দ্রুততম সময়ে বিচারপতিদ্বয়ের আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

রিট পিটিশনে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আতাউল্লাহ নূরুল কবির।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কের ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহ মারা যায়। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রকৃত কারণ উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন ও বন অধিদপ্তর পার্কের ৩ শীর্ষস্থানীয় কর্মকর্তাকে প্রত্যাহার করে অধিদপ্তরে সংযুক্ত করে।