অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

অর্থপাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে কোম্পানি অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের এমডি ও চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন । দণ্ডপ্রাপ্ত আসামি এমডি অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার দুইজনই পলাতক রয়েছেন। 

পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অর্থপাচারের অপরাধে তাদের ১২ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুন ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া বিশ্বাসভঙ্গের অপরাধে দুইজনকেই ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে অর্থদণ্ড করেছে আদালত। 

আদালত তার রায়ে দুই ধারার সাজা একত্রে চলবে উল্লেখ করায় দণ্ডিত আসামিদের গ্রেপ্তার হওয়ার পরে ১২ বছরের কারা ভোগ করতে হবে। আসামিরা জরিমানার  ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ ডলার পাচারের অভিযোগে এ মামলাটি করে। ২০২৫ সালের ২৫ মার্চ একই কমকর্তা আদালতে অভিযোগপত্র দেন।

একই বছর ৬ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। বিচার চলাকালে সাত জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এ রায় দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত