কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রবিবার ভোরে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭- এর কাছে এ ঘটনা ঘটে।
ফরিদুল ইসলাম রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী হরিণধরা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার মরদেহ ভারতে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।
স্থানীয়রা জানান, রবিবার ভোরে ফরিদুল ইসলামসহ ১০-১২ জনের একটি দল গরু পাচারের জন্য পূর্ব কাউয়ারচর সীমান্তের সীমানা পিলার ১০৫৭-এর কাছে ভারতের অভ্যন্তরে যায়। এ সময় ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলী আনছার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। তবে কখন লাশ হস্তান্তর করা হবে, তা এখনো জানায়নি বিএসএফ।