মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর বিএএফ শাহীন কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবারও শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এরমধ্য দিয়ে শতভাগ পাসের ধারাবাহিকতা রক্ষা করল প্রতিষ্ঠানটি। এ বছর প্রতিষ্ঠানের ১৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলায় আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার শতভাগ পাস করেছে। কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন গতকাল রবিবার ফলাফলের এসব তথ্য প্রদান করেন।
গতকাল প্রকাশিত ফলাফলে দেখা যায়, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে শমসেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ২৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের সবাই পাস করেছে এবং ১৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। বেশির ভাগ জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
কলেজের রেজিস্ট্রার পারভেজ আহমেদ বলেন, ‘২০১৫ সাল থেকে শমসেরনগর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতি বছরই শতভাগ পাসসহ অধিকাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।’
এদিকে উপজেলা পতনউষার স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। হুরুননেছা কলেজ থেকে ২৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে।