পাসে যশোর জিপিএ-৫ এ ঢাকা শীর্ষে

এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। আর জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে সবার ওপরে ঢাকা বোর্ড। এই বোর্ডে পাস করা শিক্ষার্থীর ১৯ দশমিক ১০ শতাংশই পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে। গতকাল রবিবার প্রকাশিত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের তথ্যে দেখা গেছে, যশোর বোর্ডে ১ লাখ ৩১ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন। পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৪ হাজার ১০৬ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৩৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন। বিজ্ঞান বিভাগ থেকে  পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে ১০ হাজার ৩৮৮ জন। মানবিক বিভাগের ৮ হাজার ৫৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১ হাজার ৯১৪ জন পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ঢাকা বোর্ডেই পেয়েছে ৫৯ হাজার ২৩৩ শিক্ষার্থী। যদিও ঢাকা বোর্ড পাসের হার বিবেচনায় চতুর্থ অবস্থানে। এ বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০ শতাংশ।