আসন্ন আইপিএলে সাকিব আল হাসানের দল না পাওয়া নিয়ে রীতিমতো ঝড় বইছে দেশের ক্রিকেটাঙ্গনে। কেবল ভক্ত বা বাংলাদেশের সাধারণ ক্রিকেট দর্শকই নন; দেশসেরা অলরাউন্ডারের দল না পাওয়ার আলোচনায় যোগ দিয়েছেন তার বেশ কয়েকজন জাতীয় দলের সতীর্থও।
এবার সেই আলোচনার টেবিলে শামিল হলেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসানও। প্রথমবারের মতো আইপিএলে সাকিবের উপেক্ষিত হওয়ার কারণ জানালেন তিনি।
আইপিএল চলাকালীন দুটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা। আশা করা হচ্ছে, এপ্রিলের প্রথমদিকে শুরু হবে এবারের আইপিএল।
আর তার আগে শেষ হয়ে যাবে দ. আফ্রিকা-বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তবে দুই দলের টেস্ট সিরিজ ও আইপিএল শুরু হতে পারে প্রায় একই সময়ে। যার কারণে আইপিএল খেলতে সাকিবের দ. আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলার প্রাথমিক কথা শোনা গিয়েছিল। আর আইপিএলের শেষদিকে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত নিলেও লঙ্কানদের বিপক্ষে সিরিজে অংশ নেওয়ার কথা ছিল সাকিবের। তাতে তাকে আইপিএলের পুরো মৌসুমে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। এ কারণেই একাধিক দল আগে থেকে যোগাযোগ করলেও সাকিবকে কোনো দল শেষ পর্যন্ত নিলামে কেনেনি জানিয়েছেন শিশির।
সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে শুনুন, নিলামের আগেই বেশ কয়েকটি দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল, সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। কিন্তু দুর্ভাগ্যবশত, শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরো মৌসুমে খেলতে পারবে না! যার কারণে সে দল পায়নি, এটা তেমন কোনো বড় বিষয় নয়।’
বেশ কয়েক বছর ধরে সাকিব আইপিএলের নিয়মিত মুখ। তবে এবার দল না পাওয়ায় অনেকে তার আইপিএল ক্যারিয়ার শেষ দেখে ফেলছেন। কিন্তু আশাবাদী শিশির, ‘এখানেই শেষ নয়, আগামী বছর বলেও একটা ব্যাপার আছে! দল পেতে হলে তাকে শ্রীলঙ্কা সিরিজ হাতছাড়া করতে হতো। তাই দল পেলে কি আপনারা একই কথা বলতেন? নাকি এতক্ষণে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের উত্তেজনায় পানি ঢেলে দিলাম বলে দুঃখিত!’