নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইচেষ্টার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। স্থানীয়রা তাকে মারধর করে আটক রাখার পর পুলিশ এসে থানায় নিয়ে যায়।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম জিয়া উদ্দিন পারভেজ (২৩)। তিনি নোয়াখালী পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কচুয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ দিনের নৈমিত্তিক ছুটিতে থাকা অবস্থায় গতকাল রবিবার রাত ৯টার দিকে পুলিশ সদস্য জিয়া উদ্দিন পারভেজ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে একটি অটোরিকশা ভাড়া নেন।
একপর্যায়ে ওই অটোরিকশাযোগে পার্শ্ববর্তী চরফকিরা ইউনিয়নের বটতলা এলাকায় গিয়ে অটোচালকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রিকশা ছিনিয়ে নেন। এরপর রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।
ওই সময় ভুক্তভোগী অটোচালকের শোর-চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করে এবং ঘটনাস্থল থেকে একটি মরিচের গুঁড়ার পলিথিন উদ্ধার করে।
ঘটনাস্থলের পাশে থাকা সেনাবাহিনী ক্যাম্পের একাধিক সদস্য ঘটনাস্থলে আসেন এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য শুনে পুলিশে খবর দেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে পুলিশের এক সেট ইউনিফর্ম ছিল।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন ঘটনাস্থলে গেলে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন আটক ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় চর ফকিরা গ্রামের অধিবাসী আবুল কাশেম জানান, অটোরিকশা চালকের বাড়ি মুছাপুর ইউনিয়নে। বয়স ১১ থেকে ১২ বছর হতে পারে। মুছাপুর এলাকায় হওয়ায় তার নাম জানা যায়নি।
ইতিমধ্যে এ ঘটনার একটি লাইভ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওসি মো. সাজ্জাদ রোমন ভুক্তভোগীকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে বলতে শোনা যায়।
তিনি আরও বলেন, অন্য লোকের জন্য যে ব্যবস্থা তার জন্যও একই রকম ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, অসৎ উদ্দেশ্যেই সেই কনস্টেবল সেখানে গিয়েছিল। এ জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।