এবাদত-জয়দের ওয়ানডে দলে ডাকার ব্যাখ্যা দিলেন নান্নু

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য চমকে ভরা একটা দল দিয়েছেন নির্বাচকেরা। গত বছর জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ৭ জন। আর টেস্ট দলের নিয়মিত তিনজন ও টি-টোয়েন্টি দলের একজনকে ডাকা হয়েছে আফগান সিরিজের ওয়ানডে দলে।

এবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী এখন পর্যন্ত টেস্ট খেললেও সাদা বলে অভিষেকের অপেক্ষায় তারা। অন্যদিকে নাসুম আহমেদ টি-টোয়েন্টি দলে ভরসা হয়ে উঠলেও কখনো ওয়ানডে খেলেননি। আফগান সিরিজে কেন তাদের ডাকা হলো সে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে আফগান সিরিজের ওয়ানডে দল জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে দল নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়ের। অভিষেক সিরিজে ভালো করতে না পারলেও নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গানুই টেস্টে দারুণ ব্যাটিং করেন। চলতি বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে তার ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে।

নান্নু তাকে নিয়ে বললেন, ‘ও যে ধাঁচে ব্যাট করে, আমরা তাকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। মিডল অর্ডারে, টিম ম্যানেজমেন্ট যখন যেখানে মনে করে, তাকে ব্যবহার করতে পারবে। অনেক নির্ভরযোগ্য ও আত্মবিশ্বাসী ব্যাট করে। যদি এভাবেই আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করে, তাহলে অনেক দিন দেশের হয়ে খেলতে পারবে।’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া সেই টেস্ট জয়ের নায়ক এবাদত টেস্ট স্পেশালিস্ট হিসেবেই পরিচিত হয়ে উঠেছিলেন। তাকে এখন সাদা বলেও পরখ করতে চান নির্বাচকেরা। ‘এবাদত আমাদের টেস্ট বোলার। সংক্ষিপ্ত ফরম্যাটে আমরা দেখছি তার নিয়ন্ত্রণ যথেষ্ট ভালো। এ জন্য তাকে বিবেচনা করা।’- বলেন নান্নু।

ইয়াসিরকেও পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ ওয়ানডে দলে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে এই ফরম্যাটে দলের ভরসা হয়ে উঠেছেন নাসুম। ধারাবাহিকতার পুরস্কার হিসেবে তিনি ওয়ানডে দলে ডাক পেলেন বলে জানালেন প্রধান নির্বাচক, ‘ধারাবাহিকভাবে নাসুম কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে যাচ্ছে এবং আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটে যথেষ্ট ভালো করছে। ওই ধারাবাহিকতায় তাকে ইনক্লুড করা হয়েছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ওকে নিয়ে, ও ভালো করবে।’

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে তিনটি। এরপর ঢাকায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

সুপার লিগে এই মুহূর্তে ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ।

আফগান সিরিজের জন্য বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।