ঝালকাঠিতে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মোস্তফা (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত দশটার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর সদর ইউনিয়নের গাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শংকর মিস্ত্রী নামে এক মোটরসাইকেলের যাত্রীও আহত হয়েছেন।

নিহত মোস্তফা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কচুবাড়ি এলাকার মো. হোসেনের ছেলে। আহত শংকর মিস্ত্রীকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলটি গাজীবাড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক মোস্তফা ও যাত্রী শংকর গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় সকালে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।