ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা নিয়ে বিরোধ এবার দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশেও পৌঁছেছে। রাজধানী নয়াদিল্লির পার্শ্ববর্তী এ রাজ্যে গত সোমবার একদল তরুণ একটি কলেজের আঙ্গিনায় হিজাব নিষিদ্ধের দাবি তুলেছে বলে জানিয়েছে এএফপি। শিক্ষার্থীদের জন্য করা নতুন পোশাক নীতিতে ক্লাসে হিজাব পরার সুযোগ না রাখায় মুসলিম ও হিন্দু শিক্ষার্থীদের পাল্টাপাল্টি বিক্ষোভের কারণে গত সপ্তাহ কর্ণাটকের
কর্র্তৃপক্ষ কয়েক দিনের জন্য সব কলেজ বন্ধ করে দিয়েছিল। সোমবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের আলিগড় জেলার ধর্ম সমাজ কলেজে গিয়ে দুই ডজনেরও বেশি তরুণ কর্র্তৃপক্ষের হাতে কলেজ আঙ্গিনায় হিজাব পুরোপুরি নিষিদ্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে।