শপথ শেষে হত্যা মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

শপথ শেষে গ্রেপ্তার হয়েছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সরকার মো. সাফায়েত উল্লাহ।

গত ৮ ফেব্রুয়ারি ভৈরব উপজেলার সাত ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিলেও, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সেদিন তিনি শপথ নেননি।

জানা যায়, আজ বুধবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলার মিঠামইন উপজেলার সাত ইউপি চেয়ারম্যান এবং ভৈরব উপজেলার সাদেকপুর ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান ছিল। স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম নবনির্বাচিত চেয়ারম্যানদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান।

আরও জানা যায়, শপথ শেষে সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ ডিবি পুলিশের ইন্সপেক্টর শফিকুল ইসলাম নেতৃত্বে একটি টিম সরকার সাফায়েত উল্লাহকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সাফায়েত উল্লাহর বিরুদ্ধে একটি হত্যা মামলার ওয়ারেন্ট ছিল। শপথ শেষ হলে আজ দুপুরে সাফায়েত উল্লাহকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে, বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন সরকার মো. সাফায়েত উল্লাহ।