যশোরে ইয়াসিন আরাফাত (২৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে শহরের শংকরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ক্লাবের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয়দের উদ্ধৃত করে কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, ব্রাদার্স ক্লাবে ক্যারাম খেলছিল ইয়াসিন। এসময় তার ওপর হামলা করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করছে পুলিশ।
যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সালাউদ্দীন বাবু জানান, রাত ৮টা ২০ মিনিটে মৃত অবস্থায় ইয়াসিনকে হাসপাতালে আনা হয়। তার ঘাড়ে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের অনুষ্ঠেয় সম্মেলনে পদপ্রত্যাশী শফিকুল ইসলাম জুয়েল জানান, ইয়াসিন যুবলীগের কর্মী।