আপাতত বহাল থাকছে ঢাবির ‘ঘ’ ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আপাতত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের ‘ক’ ইউনিটে, মানবিকে ‘খ’ ইউনিট, বাণিজ্যে ‘গ’ ইউনিট এবং বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ‘ঘ’ ইউনিট ও চারুকলার জন্য ‘চ’ ইউনিটে পরীক্ষা নেওয়া হয়।

উচ্চ মাধ্যমিকের বিভাগ পরিবর্তনের জন্য বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিজ নিজ ইউনিটে যোগ্যতা পূরণ করতে পারলে ‘ঘ’ ইউনিটে আবেদন করতে পারতেন। বিজ্ঞানের ছাত্ররা এই ইউনিটে পরীক্ষা দিয়ে কলা ও ব্যবসায় শিক্ষার বিভিন্ন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেতেন। একই ভাবে সুযোগ পেতেন কলা ও ব্যবসায় শিক্ষায় এইচএসসি পাস শিক্ষার্থীরা।

গত ৭ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ক, খ, গ ও চ এই চার ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ ‘ঘ’ ইউনিট থাকছে না। এতে ক্ষোভ প্রকাশ করেন অনুষদটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে, সে জন্য শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণয়নের জন্য গত ১৩ এবং ১৪ তারিখ ডিনস সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘সভায় আমি ‘ঘ’ ইউনিট যেন থাকে সে জন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কলা এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তর্ভুক্ত করা হয়, সে জন্য আইন অনুষদের ডিনও একটা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন।’

অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘ডিনস সাব কমিটির সুপারিশ আজকের ডিনস কমিটিতে আলোচনা-পর্যালোচনা হয়েছে। সভায় আইন অনুষদের ডিনের নোট অব ডিসেন্টটি গ্রহণ করা হয়েছে।’

এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল বলেন, ‘এই বছর ‘ঘ’ ইউনিট থাকবে। আগামীতে এটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করেই করা হবে।’