মৃত্যু কমে ১৫ শনাক্ত ৪ হাজারের নিচে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসছে। এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা এক মাস পর চার হাজারের নিচে নেমে এসেছে। তবে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯২৯ জন। এর আগের দিন মঙ্গলবার শনাক্ত হয়েছিল ৪ হাজার ৭৪৬ জন।

এর আগে গত ১৫ জানুয়ারি এক দিনে এর চেয়ে কম ৩ হাজার ৪৭৭ জন শনাক্ত হয়েছিল। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫ জন। এর আগের দিন গত মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৩৪ জনের।

গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ও মৃত্যু নিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনের। পাশাপাশি মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৮৭ জনের।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৪৫২টি। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৫০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ ও চট্টগ্রামে ৪, খুলনায় ২ এবং রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছে। এর মধ্যে ১৩ জন সরকারি ও ২ জন বেসরকারি হাসপাতালে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, নারী ৫ জন। এ নিয়ে দেশে করোনায় ১৮ হাজার ৪৪৫ জন পুরুষ এবং ১০ হাজার ৪৪২ জন নারী মারা গেছে। বয়স বিবেচনায় ৮১-৯০ বছরের মধ্যে ১, ৭১-৮০ বছরের মধ্যে ৪, ৬১-৭০ বছরের মধ্যে ৪, ৪১-৫০ বছরের মধ্যে ৪, ২১-৩০ বছরের মধ্যে ১ এবং ১১-২০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।