কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উদ্ধার মাদকের মূল্য ৫ কোটি ৭ লাখ টাকা। আটক রোহিঙ্গা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি-১৬ ব্লকের মীর আহমেদের ছেলে সাদেক হোসেন (২৫)। আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প- ১০ এর একটি শেড থেকে তাকে আটক করা হয়।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ক্যাম্পের ওই শেডে ইয়াবার একটি চালান মজুত আছে বলে খবর পেয়ে অভিযানে যায় এপিবিএন সদস্যরা। সেখানে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সময় সাদেককে আটক করা হয়। তার নামে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।