সুন্দরবনে হরিণের দুটি চামড়া ও মাথাসহ দেহাবশেষ উদ্ধার

সুন্দরবন থেকে শিকার করে লোকালয়ে নিয়ে আসা হরিণের দুটি চামড়া, দুটি মাথাসহ কিছু দেহাবশেষ উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময়ে কোনো চোরা শিকারিকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল খুলনার কয়রা উপজেলার খাসিটানা খাল এলাকা থেকে এগুলো উদ্ধার করে বলে কোস্টগার্ড পশ্চিম জোনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। হরিণের চামড়া ও দেহাবশেষ বন বিভাগের আন্ধারমানিক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি খুলনার কয়রা উপজেলার খাসিটানা খাল এলাকায় যায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যায়।

পরে সেখানে অভিযান চালিয়ে দুটি হরিণের চামড়া, দুটি মাথা, দুটি ভুঁড়ি, আটটি পা ও দুই কেজি মাংস উদ্ধার করা হয়। চোরা শিকারিরা সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার করে তা লোকালয়ে এনে জবাই করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কারা এই হরিণ শিকারের সঙ্গে জড়িত তাদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। হরিণের চামড়া ও দেহাবশেষ বন বিভাগের আন্ধারমানিক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।