বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তির জেরে’ রসিক মেয়র-আ.লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি

রংপুর সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অভিযোগটি মিথ্যা উল্লেখ করে তার বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মানহানি ও ক্ষতিপূরণ মামলার ঘোষণা দিয়েছেন রংপুর সিটি মেয়র।

বৃহস্পতিবার মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা সংবাদ সম্মেলনে এ ঘোষণা  দেন।

মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার মিথ্যা অভিযোগ এনে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যে সকল নেতা অপপ্রচার চালিয়েছে তাদের নামে মানহানি ও ক্ষতিপূরণ মামলা করা হবে।

এদিকে আওয়ামী, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বলেছেন, আগামী রবিবারের মধ্যে যদি মেয়র মোস্তফার বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা না নেয় তাহলে সংবাদ সম্মেলন করে বৃহত্তম আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে। বৃহস্পতিবার রংপুর প্রেস ক্লাবের সামনে  মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেয়র মোস্তফার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার অভিযোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন আওয়ামী লীগ, সহযোগী, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।